আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে সরকারের কঠোর সতর্কবার্তা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

–রাজধানী ঢাকায় সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা একাধিক ঝটিকা মিছিল করেছে। এসব বেআইনি সমাবেশে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

রবিবার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশ মনিটরিং আরও জোরদার করা হবে।

যারা এর পেছনে সক্রিয় রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”প্রেস সচিব আরও জানান, বৈঠকে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলমান কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, চার দফা দাবিকে কেন্দ্র করে তাদের আন্দোলনে দেশবিরোধী মহলের প্ররোচনা রয়েছে—এমন তথ্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাওয়া গেছে।

এসব কার্যক্রম দমনে সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিচ্ছে।শফিকুল আলম বলেন, “পল্লী বিদ্যুতের সমস্যার সমাধানে দুটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। বদলি কর্মকর্তাদের আগের কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং সাময়িক বরখাস্তাদেশগুলোও পর্যালোচনা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতির কোনো প্রয়োজন নেই বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।”