ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় ৭ বছরের শিশুকে হত্যা, ফুফাতো ভাইয়ের স্বীকারোক্তি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যা করেছে তার ফুফাতো ভাই। শনিবার (২৩ আগস্ট) সিরাজগঞ্জ আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত যুবক মনিরুল ইসলাম জিহাদ এই নির্মম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।জিহাদের বয়স ২১ বছর এবং সে উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের বাসিন্দা।

মায়ের মৃত্যুর পর থেকেই সে রায়গঞ্জের মিরের দেউলমোড়া গ্রামে তার মামার বাড়িতে থাকত। নিহত শিশুটির নাম ছোঁয়া মনি।পুলিশ জানায়, গত বুধবার সকালে ছোঁয়া মনি নিখোঁজ হয়। পরে দুপুরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রথম থেকেই পুলিশের ধারণা ছিল যে এটি একটি হত্যাকাণ্ড।ঘটনার পর জিহাদ পালিয়ে যায় এবং রাতে ফেসবুকে একটি বিভ্রান্তিকর পোস্ট দেয়।

শিশুটির দাদি ফিরোজা খাতুন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা করেন। পরে শুক্রবার রাতে গাজীপুর চৌরাস্তা থেকে ডিবি পুলিশ জিহাদকে গ্রেপ্তার করে।শনিবার তাকে আদালতে হাজির করা হলে জিহাদ স্বীকার করে যে সে পরিত্যক্ত শৌচাগারে তার মামাতো বোনকে ধর্ষণের চেষ্টা করেছিল। কিন্তু শিশুটি পরিবারকে সব বলে দেওয়ার হুমকি দিলে সে তাকে হত্যা করে।জবানবন্দি রেকর্ড করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।