সাংবাদিক তুহিন হত্যা: ক্ষমা চাইলেন জিএমপি কমিশনার।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা প্রার্থনা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে।শনিবার (৯ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণের কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে।

অতি দ্রুত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।”তিনি জানান, জুলাই আন্দোলনের কারণে গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ বেকার হয়েছেন। এর ফলে এ এলাকায় অপরাধের মাত্রা বেড়েছে।নাজমুল করিম খান আরও বলেন, “আমরা আসামিদের গ্রেপ্তার করেছি, হত্যার অস্ত্র উদ্ধার করেছি, সিসিটিভি ফুটেজসহ অধিকাংশ প্রমাণ আমাদের হাতে রয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই দ্রুত চার্জশিট দেওয়া সম্ভব হবে। ভিডিওগুলোও ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।”তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা ৮ জনের মধ্যে ৭ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা হলেও পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।