দ্বিপাক্ষিক সফরে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি। সোমবার দুপুরে ঢাকা ত্যাগের কথা রয়েছে তার। এই সফরে প্রতিরক্ষা, জ্বালানিসহ মোট ৫টি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে দুই দেশের ব্যবসায়িক সংগঠনের সহযোগিতা চুক্তিও অন্তর্ভুক্ত। পাশাপাশি তিনটি নোট এক্সচেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কাজের নানা সংকট এই সফরে গুরুত্ব পাবে। দুই দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্ক দেশের স্বার্থে কাজে লাগাতে চান প্রধান উপদেষ্টা।মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা। পুত্রজায়ায় অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে উপস্থিত থাকবেন ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম।

বৈঠক শেষে দুই সরকার প্রধান যৌথভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এ দিন দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।এছাড়া সফরের অংশ হিসেবে একটি ব্যবসায়িক সেমিনারে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। একই দিনে বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন ড. ইউনূস। রাতে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজের প্রতিনিধি, শীর্ষ ব্যবসায়ী ও আমলাদের সঙ্গে বিশেষ নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফরে আরও রয়েছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টি বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে।