নিজস্ব প্রতিনিধি:
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ায় ‘অন অ্যারাইভাল’ ভিসা চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এই ভিসা দ্রুততম সময়ে কার্যকর করার জন্য দুই দেশ কাজ করছে।সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরামানথা ক্রিস্টিয়ান নাসির এ তথ্য জানান। তিনি আরও বলেন, ইন্দোনেশিয়া-বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে তারা আগ্রহী। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ‘ফরেন অফিস কনসালটেশন’ (FOC) অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন, এবং মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে ইন্দোনেশিয়া বাংলাদেশের পাশে আছে বলে জানান পররাষ্ট্র উপমন্ত্রী। ভৌগোলিকভাবে কাছাকাছি হওয়া সত্ত্বেও দুই দেশের সম্পর্ক ততটা নিবিড় নয়, তাই ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
