ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি কাঠ রিফাইন কারখানায় বয়লারের বিস্ফোরণে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন মিজানের কাঠ ডিজাইন কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) এবং একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।
স্থানীয় বাসিন্দা এসএম রায়হান উদ্দীন জানান, কারখানার সামনে খোলা জায়গায় বয়লারে কাঠ ব্যবহার করে সাইজ কাঠ রিফাইন করা হচ্ছিল। ওই সময় পাশের কারখানায় কাজ করছিলেন মিল্টন, রাম কুমার এবং আলমগীর। হঠাৎ বয়লার বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই মিল্টন ও রাম কুমারের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোরে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বয়লারের লোহার অংশ প্রায় ২৫ থেকে ৩০ গজ দূরে ছিটকে পড়েছে, যা পার্শ্ববর্তী দুটি ভবনের ক্ষতি করেছে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বয়লারে অতিরিক্ত তাপ দেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
