দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা: ফখরুল

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, “সব রাজনৈতিক দল, সংস্কার কমিশনের নেতৃত্বদানকারী ও কর্মীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা দীর্ঘদিন নিরলস পরিশ্রম করে আজকে এই ঐতিহাসিক সনদটি সবার সামনে উপস্থাপন করেছেন।

বিশেষ করে আমাদের দলের সালাহউদ্দিন আহমেদ এবং অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাই।”দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই সনদ স্বাক্ষর জাতির ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক।”তিনি আরও বলেন, “আজকে শহীদের আত্মত্যাগ, জনগণের প্রত্যাশা ও জাতীয় আকাঙ্ক্ষা পূরণের এক নতুন সূচনা হলো। এর মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ও সংস্কারভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।”স্বাক্ষর অনুষ্ঠানে দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।