বিশেষ প্রতিনিধি:
আলমডাঙ্গা পৌরশহরের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই প্রধান প্রধান সড়কগুলো ডুবে যাচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এই সমস্যা দীর্ঘদিনের হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের কলেজপাড়া, মাছের আড়ত, আলিফউদ্দীন রোড,কোর্টপাড়া এবং
থানাপাড়ার সড়কগুলোতে পানি জমে যায়। ড্রেনগুলো ময়লা-আবর্জনায় আটকে থাকায় পানি নিষ্কাশন হতে পারছে না। ফলে ড্রেনের নোংরা পানি রাস্তায় উপচে পড়ে এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
থানাপাড়া আলিফউদ্দীন রোডের এক বাসিন্দা বলেন, “প্রতি বছর বর্ষাকালে আমাদের এই দুর্ভোগ পোহাতে হয়। ড্রেন পরিষ্কারের কোনো উদ্যোগ নেই। সামান্য বৃষ্টিতেই আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে যাওয়ার ভয় থাকে।”

কলেজপাড়ার বাসিন্দা মাহফিল উদ্দিন মানিক বলেন, “আমার বাসা আলমডাঙ্গা সরকারি কলেজের সামনে। একটা শহরের সরকারি কলেজের সামনে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা,নেই রাস্তা। ভাঙা রাস্তাগুলো রূপ নিয়েছে গর্তে। রাস্তার এতটায় বেহাল দশা যেন মনে হয় গরুর গাড়ি চালানোর রাস্তা।”
এই বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তবে স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। অন্যথায় বর্ষার বাকি দিনগুলোতে জনগণের দুর্ভোগ আরও বাড়বে।
