মেহেরপুর জেলার বামুন্দিতে ইসলামি ব্যাংকের এজেন্ট শাখায় ভল্ট কেটে চুরি

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাতে এ চুরি সংঘটিত হয়।

বামন্দী এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান, সোমবার কার্যক্রম শেষে ব্যাংকের কর্মকর্তারা ৮ লাখ ১০ হাজার টাকা ভল্টে রেখে যান। পরদিন সকাল ৯টার দিকে ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখতে পান, জানালার গ্রিল ও ভল্ট কেটে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া, সিসিটিভি ক্যামেরার ডিভাইসও (ডিভিআর) তারা নিয়ে গেছে। তবে গ্রাহকদের আমানতের কোনো ক্ষতি হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন এবং লেনদেন স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন।

এ ঘটনার খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ওসি বানী ইসরাইল এবং জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বামন্দী বাসস্ট্যান্ডের কাছে নজরুল টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত ব্যাংকের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত চলছে।