নিজস্ব প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইহাট উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একটি আস্তানায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চলমান এ অভিযানে এখন পর্যন্ত একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় ইউপিডিএফ সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এখনো ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
আইএসপিআর আরও জানায়, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনা অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে, গত ২৬ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়ির পাহাড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন। সেই ঘটনার পর থেকেই পার্বত্য অঞ্চলে নিরাপত্তা জোরদার করে অভিযান চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
