ইউপি সচিবকে জোরপূর্বক তুলে নিয়ে পরিষদে তালা, বিএনপির ৬ নেতাকর্মী আটক।

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের সচিবকে জোর করে তুলে নিয়ে পরিষদ ভবনের গেটে তালা দেওয়ার ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক মহিদুল ইসলামও রয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেন।স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের কার্ড তালিকায় নিজের অনুসারীদের অন্তর্ভুক্ত করতে সচিবকে চাপ দেন মহিদুল ইসলাম। কিন্তু সচিব সে অনুরোধ প্রত্যাখ্যান করলে, তিনি ২০-২৫ জন কর্মী নিয়ে পরিষদে এসে হাজির হন।তারা ইউপি সচিব হাফিজুর রহমানকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে পরিষদ ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এবং ভেতরে থাকা সাধারণ সেবাগ্রহীতা ও কর্মচারীদের আটকে রাখেন।

পরে জোরপূর্বক সচিবকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএনপির নেতাকর্মীদের আটক করে এবং সচিবকে উদ্ধার করে। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসন ও পুলিশ পরিষদের তালা ভেঙে আটকে পড়া লোকজনকে মুক্ত করে।ওসি মাসুম খান জানান, পরিষদ ভবনে তালা দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, “এটি একটি সরকারি অফিস। তালা দেওয়া ও সচিবকে অপহরণ করা গুরুতর অপরাধ।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, “দলীয়ভাবে প্রকৃত উপকারভোগীদের একটি তালিকা দেওয়া হয়েছিল। সচিব তা না নিয়ে ট্যাগ অফিসারের তালিকা অনুসরণের কথা বলেন। এরপর সচিবকে ইউএনওর কাছে নেওয়া হয় এবং ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়।”