২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে শিক্ষাবোর্ডগুলো সংক্ষিপ্ত সিলেবাস থেকে বেরিয়ে আসছে। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় দেড় বছর সশরীরে ক্লাস বন্ধ থাকায় শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গিয়েছিল, যার প্রভাব এখনও বিদ্যমান। এরই ধারাবাহিকতায়, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত (পুনর্বিন্যাসকৃত) সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে।তবে, আগামী ২০২৬ সাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণ সময় এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ জুন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এই শিক্ষার্থীরা ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। এনসিটিবির নির্দেশনায় দেশের সকল শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিষয়টি অবহিতকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।