৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষকদের লাগাতার আন্দোলন।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিবেদক:

মূল বেতনের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। গতকাল ১২অক্টোবর (রবিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের বাধা ও বলপ্রয়োগের শিকার হওয়ার পর তারা শহীদ মিনারে এসে অবস্থান নেন এবং সেখানেই রাতযাপন করেন।’এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই আন্দোলন চলছে। শিক্ষকদের অভিযোগ, সরকার কর্তৃক সম্প্রতি বাড়িভাড়া সামান্য বৃদ্ধিকে তারা ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন।

শিক্ষকদের মূল দাবিগুলো হলো:১. মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া প্রদান।২. চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা।৩. কর্মচারীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করা।আন্দোলনকারী শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছেড়ে যাবেন না।

একই সাথে, গতকাল পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে আজ ১৩ অক্টোবর(সোমবার) থেকে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিও শুরু করেছেন তারা। ফলে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লাগাতার অবস্থান ও কর্মবিরতি অব্যাহত থাকবে। তারা দ্রুত সরকারের পক্ষ থেকে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।