রাতভর সংঘর্ষে উত্তপ্ত চবি ক্যাম্পাস: আহত অন্তত ৬০।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সব পরীক্ষা স্থগিতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে চরম উত্তেজনা। পরিস্থিতি বিবেচনায় আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের ওপর এ হামলায় বহুজন আহত হয়েছেন। তাদের অনেকে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তাই আজকের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।”ঘটনার সূত্রপাত হয় শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে। অভিযোগ রয়েছে, এক নারী শিক্ষার্থী নিজের ভাড়া বাসায় ঢোকার সময় দারোয়ান তাকে মারধর করেন। এ ঘটনায় আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে এলে দারোয়ান পালিয়ে যায়।

পরে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরও স্থানীয়দের ডেকে আনা হয় এবং তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। রাতভর সংঘর্ষে বহু শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়।চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতরদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরবর্তীতে রাত ৩টা ২০ মিনিটে সেনাবাহিনী এসে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।