আবহাওয়া ডেস্ক:
পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের অনুভূতি ও প্রকোপ দুটোই বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এ কারণে ভোর থেকেই পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, শুক্রবার (২৭ নভেম্বর) তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় তীব্র রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই কমতে থাকে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রার বড় ব্যবধানের ফলে রাত এবং ভোরের দিকে শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে।
এইচএ
