নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে দেশের দক্ষিণ-পূর্বের কিছু জেলায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে, আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, আজ সারাদিন ঢাকাসহ দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
