নিজস্ব প্রতিনিধি:
তীব্র গরমে আরও দুদিন ভুগতে হবে।দুই-একটি এলাকা ছাড়া প্রায় সারা দেশেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দুদিন আগে শুরু হওয়া এই তাপপ্রবাহ আজ তীব্র রূপ নিয়েছে। আজ শুক্রবার (৯ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা।এই দিন রাজধানী ঢাকায়ও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে এটিকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকলে সেটাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। তবে তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে জানিয়েছেন, আগামী ২ দিন তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে।
আগামী সোমবার থেকে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ কমতে শুরু করতে পারে। সারা দেশে তীব্র তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। রাজধানীর শাহবাগ মোড়ে রিকশাচালক আসাদুল হকের সঙ্গে কথা হয়। তিনি জাগো নিউজকে বলেন, ‘আজ ভোর বেলায় কিছু ভাড়া টেনেছি। এরপর সূর্যের তাপে আর পারিনি। শরীর দিয়ে শুধু ঘাম বের হচ্ছে। প্যাডেল ঘোরাতে কষ্ট হচ্ছে। রাতে যদি একটু গরম কমে তখন আবার রিকশা চালাব।
