নিজস্ব প্রতিনিধি:
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম অংশে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর কারণে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১৮ আগস্ট) রাতে প্রকাশিত বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ আগস্ট সন্ধ্যা ৬টার সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।এছাড়া, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে মঙ্গলবার সকাল নাগাদ দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি এলাকাজুড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বাড়তে পারে। নিম্নচাপ কেন্দ্রের আশপাশে সাগর অশান্ত রয়েছে।
