মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেধে দিল বিআরটিএ।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

ডেস্ক রিপোর্টঃ

মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম মেনে এই নম্বরপ্লেট স্থাপন করতে হবে। সময়সীমার মধ্যে নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করতে হয়। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে এবার মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে মালিকদের নিজেদের উদ্যোগে নির্ধারিত মান অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা, আর বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো নকশা বা শোভাবর্ধন করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে।এ ছাড়া স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের আকারও আলাদাভাবে নির্ধারণ করে দিয়েছে বিআরটিএ। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। এতে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা রাখতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব প্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখার নির্দেশনা দেয়া হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।