মরণোত্তর দেহ দান করবেন না কবীর সুমন

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন একসময় মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন এবং সেই সংক্রান্ত একটি স্বাক্ষরিত দলিল সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। তবে, এবার তিনি তার সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

আজ (৫ মার্চ, বুধবার) ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, আগের সিদ্ধান্ত থেকে সরে এসে দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন। পোস্টে তিনি লেখেন, “রমজান মোবারক! কিছুদিন আগে ফেসবুকেই জানিয়েছিলাম যে, আমি আমার দেহ দান করেছি এবং কোনো ধর্মীয় শেষকৃত্য চাই না। তবে অনেক চিন্তাভাবনার পর আমি আমার সিদ্ধান্ত বদলেছি। আমি আর দেহদান করব না।”

এছাড়া, নিজের শেষকৃত্য সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেন, তিনি চান মৃত্যুর পর তাকে কলকাতার মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে দাফন করা হোক। তিনি আরও জানান, “এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এবং আমি এটি আমার কিছু নিকটজনকে জানিয়ে দিলাম।”

এ বিষয়ে কোনো মন্তব্য বা মতামত কাম্য নয় বলেও তিনি উল্লেখ করেন এবং সবার জন্য শান্তি কামনা করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানের জগতে নতুন এক ধারার সূচনা করেছিলেন কবীর সুমন। একসময় তিনি সুমন চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন, তবে বাংলাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেন। যদিও পরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বাংলা খেয়াল সংগীত নিয়ে কাজ করে যাচ্ছেন।