হার্ট অ্যাটাক আক্রান্ত তামিম ইকবাল, হার্টে দুইটি রিং বসানো হয়েছে, তামিম ইকবালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যা জানা গেলো-

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবালের অসুস্থতার খবরে ক্রিকেট অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়। বিশেষ করে, তাকে লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও শঙ্কাময় হয়ে ওঠে। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি হার্ট অ্যাটাক করেছেন, যা পরে সত্যি বলে নিশ্চিত হয়। তবে চিকিৎসকদের মতে, বর্তমানে তার অবস্থা আগের চেয়ে ভালো।

সোমবার (২৪ মার্চ) বুকে তীব্র ব্যথা অনুভব করায় তামিমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের পরীক্ষায় তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে, যার ফলে এনজিওগ্রাম করে হার্টে রিং বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শঙ্কামুক্ত হলেও তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।

আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন তামিম। ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও ব্যথা বাড়তে থাকে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার প্রস্তুত করা হয়। তবে হেলিকপ্টারে ওঠানোর আগেই তিনি পুনরায় পড়ে যান। এরপর দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরপরই তামিমের বড় ভাই নাফিস ইকবাল ও তার স্ত্রী হাসপাতালে ছুটে যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তারাও হাসপাতালে উপস্থিত হয়েছেন। চিকিৎসকরা তার উন্নতির বিষয়ে ইতিবাচক বার্তা দিলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।