ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় বুধবার (২৯ জানুয়ারি) ভোরে পদদলনের ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। পুলিশের তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের আগে পুণ্যার্থীরা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করতে যাওয়ার সময় অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ির সৃষ্টি হয়, যা পদদলনের কারণ হয়ে দাঁড়ায়। এতে অনেকেই মাটিতে পড়ে যান এবং পায়ের নিচে চাপা পড়েন।
প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে স্থানীয় হাসপাতালের মর্গে প্রায় ৪০টি মৃতদেহ আনা হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মহাকুম্ভ মেলা প্রতি ১২ বছর পরপর অনুষ্ঠিত হয় এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। এবারের মেলায় প্রায় ৪০ কোটি মানুষের অংশগ্রহণের আশা করা হয়েছিল।
উল্লেখ্য, অতীতে কুম্ভ মেলায় পদদলনের ঘটনা ঘটেছে, তবে এবারের ঘটনা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে মর্মান্তিক। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
