নিজস্ব প্রতিনিধি:
ইউক্রেনে যুদ্ধ শুরু করার কারণে রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের কোনো স্তরেই সুযোগ দেওয়া হচ্ছে না। অলিম্পিক গেমস, ফুটবল বিশ্বকাপসহ কোনো খেলাতেই রাশিয়ার খেলোয়াড়রা অংশ নিতে পারছেন না। তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ বিশ্বকাপে রাশিয়াকে খেলার সুযোগ করে দিতে চান।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে, তাহলে উৎসাহ হিসেবে তাদেরকে ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে ফিফা এবং উয়েফা রাশিয়ার জাতীয় দলকে আন্তর্জাতিক ও মহাদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে।২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব ২০২৩ সাল থেকেই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এতে মোট ৪৮টি দেশ অংশ নেবে। স্বাগতিক দেশ হিসেবে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি ৪৫টি দেশ বাছাই পর্বের মাধ্যমে নির্ধারিত হবে।
বিশ্বকাপ সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি একটি টাস্কফোর্স গঠন করেছেন, যার সভাপতিত্ব করছেন তিনি নিজেই। আজ সেই টাস্কফোর্সের প্রথম সভা ছিল, যেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত ছিলেন।এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ফিফা সভাপতির সঙ্গে কথা বলেন। তিনি জানান, ফিফা ও উয়েফার সাম্প্রতিক নিয়মে রাশিয়া যে ফুটবল থেকে নিষিদ্ধ, তা তিনি জানতেন না। তবে, বিষয়টি জানার পর তিনি পরামর্শ দেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে রাশিয়াকে ফুটবলে ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করবেন।তিনি বলেন, “সত্যি বলতে, আমি এই বিষয়টি জানতাম না। এটা কি সঠিক কাজ হলো? আপনি অবশ্যই এর ব্যাখ্যা চাইতে পারেন!”ইনফান্তিনো বলেন, “ঘটনা সত্য। তাদের আপাতত খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু আমরা আশা করি এমন কিছু ঘটবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে, যাতে রাশিয়াকে পুনরায় ফিরিয়ে আনা যায়।
“ট্রাম্প বলেন, “এটা সত্যিই সম্ভব। আর যদি এমনটা হয়, তাহলে রাশিয়ার জন্য বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়া সর্বোত্তম প্রণোদনা হতে পারে।”ট্রাম্পের মূল লক্ষ্য হলো রাশিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে আনা। এই কারণে তিনি বলেন, “আমরা তাদের থামাতে চাই (যুদ্ধ থেকে)। প্রতি সপ্তাহে অন্তত ৫,০০০ মানুষ নিহত হচ্ছে – এটা বিশ্বাসযোগ্যও নয়। আমরা সেই যুদ্ধ বন্ধ করতে চাই।”আগামী বিশ্বকাপের জন্য ইউরোপীয় বাছাই পর্ব গত মার্চে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইউরোপ থেকে মোট ১৬টি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।২০২১ সালের নভেম্বরে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে ক্রোয়েশিয়ার কাছে হারের পর থেকে রাশিয়া কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। তবে, এরপর থেকে তারা ১৬টি প্রীতি ম্যাচ খেলেছে, যার মধ্যে ১১টিতে জিতেছে। গত এপ্রিলে উয়েফা কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছিলেন, তিনি রাশিয়াকে ফুটবলে ফিরিয়ে আনতে চান। কারণ, এর অর্থ হবে সবকিছুর সমাধান। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলেন, “যখনই যুদ্ধ থামবে, তখনই রাশিয়াকে ফুটবলে ফিরিয়ে আনা হবে।”
