হোসেনপুরে যাত্রী সেজে অটোরিকশায় ছিনতাই, ব্যাংক থেকে তুলে নেওয়া ৬০ হাজার টাকা খোয়া গেল।

লেখক: মোঃ খায়রুল ইসলাম ফকির
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

হোসেনপুরে যাত্রী পরিবহনের ছদ্মবেশে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। সম্প্রতি একের পর এক সাধারণ মানুষকে টার্গেট করছে একটি সংঘবদ্ধ চক্র, যাদের মধ্যে নারী সদস্যও রয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে (২ জুলাই) দুপুরে। গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সুফিয়া বেগম (৫০) হোসেনপুর অগ্রণী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে যাত্রী সেজে বোরকা পরিহিত দুই নারী তার পাশে বসে। কিছুক্ষণ পর সুফিয়া বেগম টের পান, তার সাইড ব্যাগ কেটে ভেতরে থাকা নগদ টাকা চুরি করে নিয়ে গেছে তারা।

এর আগেও, গত মে মাসের শেষ দিকে একই কৌশলে ছিনতাইয়ের শিকার হন গোবিন্দপুর এলাকার বৃদ্ধ নুরুল ইসলাম। তিনি ব্যাংক থেকে উত্তোলন করা ২ লাখ ১০ হাজার টাকা হারান। অভিযোগ করলেও থানার পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ পাননি বলে তিনি জানিয়েছেন।স্থানীয়রা বলছেন, এই চক্রটি মূলত ব্যাংকের আশপাশে ঘুরাফেরা করে টার্গেট নির্বাচন করে এবং এরপর রিকশা বা অটোরিকশায় যাত্রী সেজে ছিনতাই করে। নারী সদস্যদের উপস্থিতি থাকায় অনেক সময় সন্দেহ হয় না।ভুক্তভোগী সুফিয়া বেগম জানান, “ব্যাংক থেকে বের হয়ে রিকশায় উঠতেই দুই নারী এসে পাশে বসল, কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে টাকা গায়েব!”নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা বলেন, “ব্যাংকের বাইরে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি, তবে নিরাপত্তা জোরদার দরকার।

”পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে। তবে অনেক সময় ভুক্তভোগীরা প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় তদন্ত জটিল হয় বলে জানিয়েছেন থানার এক কর্মকর্তা। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। সম্ভব হলে কারও সঙ্গে থাকা, দ্রুত নিরাপদ বাহনে যাত্রা এবং অপরিচিত যাত্রীর সংস্পর্শ এড়িয়ে চলাই সবচেয়ে ভালো।