পটুয়াখালীর দুমকী উপজেলায় এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুমকীর পাঙ্গাশিয়া নলদোয়ানি এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে তাকে নির্যাতন করা হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থী বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়িতে ফিরছিলেন। পথে মুন্সীবাড়ি এলাকায় স্থানীয় সাকিব মুন্সী (১৯) ও সিফাত মুন্সী (২০) তাকে জোরপূর্বক তুলে নিয়ে বাগানবাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে নির্যাতন করে। অভিযুক্তরা নির্যাতনের দৃশ্য ধারণ করে এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরদিন বুধবার ভুক্তভোগী দুমকী থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে সাকিব মুন্সীকে আটক করা হয়েছে।
বাগেরহাটের মোংলা ও ফকিরহাট উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই শিশুর ওপর নির্যাতনের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মোংলা পৌর শহরের পারহাউস রোড এলাকায় আট বছর বয়সী এক শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগে আলী মোল্লা (৩৬) নামে এক দিনমজুরকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
অন্যদিকে, ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় ১১ বছর বয়সী এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগে শওকত শেখ (৪৫) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে, মঙ্গলবার উপজেলার চিতলী পশ্চিমপাড়া গ্রামে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি তাকে নির্যাতন করে। পরে রাতেই অভিযুক্ত ব্যক্তি বোরকা পরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
