ভয়াবহ দাবানলে পুড়ছে জাপান

লেখক: সুমন
প্রকাশ: ১ বছর আগে

জাপানে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বলে ধারণা করা হচ্ছে। পূর্ব এশিয়ার এই দেশটি এমন বিধ্বংসী আগুনের মুখে পড়েনি দীর্ঘ সময় ধরে।

গত বৃহস্পতিবার, দেশটির উত্তরাঞ্চলীয় শহর অফুনাতোতে প্রথম এই দাবানলের সূত্রপাত হয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই শহরেই। এখন পর্যন্ত আগুনে পুড়ে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, দাবানল বর্তমানে ৫ হাজার ২০০ একর এলাকায় বিস্তৃত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ২ হাজারেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে।

প্রাকৃতিকভাবেই মার্চ মাসে অফুনাতোর আবহাওয়া শুষ্ক থাকে। তার ওপর, গত মাসে বৃষ্টিপাত হয়েছে মাত্র ২.৫ মিলিমিটার, যা বিগত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। সাধারণত, ফেব্রুয়ারি মাসে এখানকার গড় বৃষ্টিপাত ৪১ মিলিমিটার হলেও এবার সেটি উল্লেখযোগ্যভাবে কম ছিল।

আগুন নেভানোর পাশাপাশি বিপদগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। বৃহস্পতিবার থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে এখনো ৪ হাজার ৬০০ জন আটকা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে, আগুনে অন্তত ৮০টি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আইওয়াতো জেলা, যা জাপানের দ্বিতীয় বৃহত্তম ও কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি, সেখানে বিস্তীর্ণ বনাঞ্চল ও ঝোপঝাড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আইওয়াতোর আশপাশের ১৬টি জেলার দমকল কর্মীদের ডাকা হয়েছে এবং ১৬টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে আগুন নেভানোর কাজে।

প্রসঙ্গত, জাপানের আয়তন ৩৭৭,৯৭৫ বর্গকিলোমিটার এবং এতে মোট ৪৭টি প্রশাসনিক জেলা রয়েছে। কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে ও ক্ষয়ক্ষতি কমাতে।