হিযবুত তাহরীর তিন সদস্য গ্রেপ্তার

লেখক: সুমন
প্রকাশ: ১ বছর আগে

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান চালানো হয়।

ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) এবং মাহমুদুল হাসান (২১)। সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

তদন্তে উঠে এসেছে, তারা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ নামে একটি কর্মসূচির পরিকল্পনা করছিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগে থেকেই সতর্ক অবস্থান নেয় এবং জানায়, নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো প্রচারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিযবুত তাহরীর বাংলাদেশের প্রচলিত আইনে নিষিদ্ধ সংগঠন। ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার জননিরাপত্তার স্বার্থে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।