নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে মামলায় মোট পাঁচজন আসামি আদালতে স্বীকারোক্তি দিলেন।রোববার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে মহিনের জবানবন্দি রেকর্ড করা হয়।আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শেষ হওয়ার পর মহিনকে আদালতে হাজির করা হয়। তখন তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে জবানবন্দি রেকর্ড করেন।জবানবন্দি গ্রহণের পর আদালত মহিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১০ জুলাই প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড এবং ১৫ জুলাই দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
