নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। শনিবার (১২ জুলাই) সকাল ৯টা ৭ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি সাম্প্রতিক দুটি ঘটনার উল্লেখ করে এই উদ্বেগ প্রকাশ করেন।ফেসবুক পোস্টে তিনি লেখেন, চাঁদপুরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানী ধারালো অস্ত্রের হামলার শিকার হয়েছেন। খতিবের ওপর এই হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম করার সাহস আর কেউ না পায়।
একই পোস্টে জামায়াত আমির খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে হত্যার ঘটনাও উল্লেখ করেন। তিনি লেখেন, খুলনায় যুবদলের বহিষ্কৃত যে নেতাকে হত্যা করা হয়েছে, তার প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।সাম্প্রতিক এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সামগ্রিক এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় এর দায় এড়ানো যাবে না।এর আগে শুক্রবার (১১ জুলাই) তিনি ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় গভীর প্রতিক্রিয়া জানিয়েছিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “বিদেশে অবস্থানরত অবস্থায় মিটফোর্ডের এ নির্মম ঘটনা জেনে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্যে দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হলো।”তিনি নিহত ব্যবসায়ীর পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, “হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না— এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।”
