মাদারীপুরে মাছের ঘের থেকে ১৫০০ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।শনিবার (৫ জুলাই) রাতে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন টুম্পা বেগম (৩০), নয়ন খালাসী (২২), অনিক হাওলাদার (২০) এবং সজীব ঘরামী (২০)। নয়ন খালাসী বাজিতপুর গ্রামের কালাম খালাসীর ছেলে, অনিক হাওলাদার নয়ানগর গ্রামের জসিম হাওলাদারের ছেলে এবং সজীব ঘরামী সদর উপজেলার কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে মাছের ঘের ব্যবহার করে নৌকায় করে মাদক বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে, একটি নৌকায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।