বাঁচানো গেলো না সেই শিশুটিকে!

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

আজ (১৩ মার্চ) এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, দুঃখজনকভাবে জানানো যাচ্ছে যে, শিশুটি দুপুর ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসা ব্যবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির অবস্থা গত রাত থেকে সংকটাপন্ন ছিল। আজ সকালে তিনবার তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। প্রথম দুইবার চিকিৎসকরা তাকে স্থিতিশীল করতে সক্ষম হলেও তৃতীয়বার আর ফিরে পাওয়া সম্ভব হয়নি।

গত ৮ মার্চ শিশুটিকে গুরুতর অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।