মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগানোর ‘বোন গ্লু’ আবিষ্কারের দাবি চীনা বিজ্ঞানীদের।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

চীনের গবেষকরা জানিয়েছেন, তারা এমন এক ধরনের চিকিৎসা গ্লু উদ্ভাবন করেছেন যা মাত্র তিন মিনিটেই ভাঙা হাড় ও তার টুকরোগুলোকে একত্রে জোড়া লাগাতে পারে। বহুদিন ধরে ফ্র্যাকচার সারানো ও স্থায়ী অর্থোপেডিক যন্ত্র বসানোর জন্য কার্যকরী ‘বোন গ্লু’-এর প্রয়োজন ছিল, যা চিকিৎসা বিজ্ঞানে একপ্রকার ‘হলি গ্রেইল’ হিসেবে ধরা হতো। অবশেষে চীনা বিজ্ঞানীরা সেই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন।

‘বোন-০২’ নামের এই বিশেষ গ্লু বুধবার (১০ সেপ্টেম্বর) পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে উন্মোচন করা হয়। গবেষণা দলের নেতৃত্বে থাকা স্যার রান রান শ’ হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন লিন জিয়ানফেং জানান, পানির নিচে ঝিনুক যেভাবে সেতু বা পাথরে দৃঢ়ভাবে লেগে থাকে, সেটি দেখেই তিনি এ গ্লু তৈরি করার ধারণা পান।লিন জিয়ানফেং বলেন, এই গ্লু মাত্র দুই থেকে তিন মিনিটেই হাড়কে সঠিকভাবে স্থির করে জোড়া লাগাতে পারে, এমনকি রক্তক্ষরণ চলাকালীন অবস্থাতেও এটি কার্যকর।

সবচেয়ে বড় বিষয় হলো—হাড় সেরে ওঠার সময় গ্লুটি নিজে থেকেই শরীরে শোষিত হয়ে যায়। ফলে আরেকটি অস্ত্রোপচারের মাধ্যমে ইমপ্ল্যান্ট খুলে ফেলার ঝামেলা থাকে না।

সূত্র: টাইমস নাউ, এনডিটিভি নিউজ।