ব্রেস্ট ক্যান’সারের বিরুদ্ধে লড়াইয়ে আশার আলো হতে পারে মৌমাছির বিষ।

লেখক: বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে
Collected


বিশেষ প্রতিবেদন:

মৌমাছির হুলের বিষ যে যন্ত্রণাদায়ক, তা আমরা সবাই জানি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—এই বিষেই লুকিয়ে থাকতে পারে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের এক আশাব্যঞ্জক উপাদান।

অস্ট্রেলিয়ার হ্যারি পারকিনস ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চ এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে, মৌমাছির বিষে থাকা মেলিটিন নামক একটি যৌগ মাত্র এক ঘণ্টার মধ্যেই স্তন ক্যানসারের (ব্রেস্ট ক্যানসার) কিছু অত্যন্ত আক্রমণাত্মক কোষ ধ্বংস করতে পারে। বিস্ময়করভাবে, এই বিষ আশপাশের সুস্থ কোষগুলোতে তেমন ক্ষতি করে না।

গবেষণায় বিশেষ করে ট্রিপল-নেগেটিভHER2-পজিটিভ ধরনের স্তন ক্যানসার কোষে মেলিটিনের কার্যকারিতা সবচেয়ে বেশি দেখা গেছে। এই দুটি ক্যানসার ধরন সাধারণত চিকিৎসা প্রতিরোধী এবং প্রাণঘাতী হয়ে থাকে।

গবেষকদের ব্যাখ্যায়, মেলিটিন ক্যানসার কোষের বাইরের ঝিল্লিতে ছিদ্র তৈরি করে, ফলে কোষের স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়ে। শুধু তা-ই নয়, বিষ প্রয়োগের মাত্র ২০ মিনিটের মধ্যেই এটি কোষের বিভাজন ও বৃদ্ধি নিয়ন্ত্রণকারী রাসায়নিক সংকেতগুলো বন্ধ করে দেয়।

এই গবেষণাটি ২০২০ সালে npj Precision Oncology নামক জার্নালে প্রকাশিত হয়। তবে ২০২৫ সালেও মেলিটিন নিয়ে গবেষণা চলমান রয়েছে। কিছু গবেষণায় এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

তাই ভবিষ্যতের চিকিৎসায় মেলিটিন ব্যবহার করতে হলে এমন প্রযুক্তি তৈরি করতে হবে, যা সরাসরি ক্যানসার টিউমারকে লক্ষ্য করে এই বিষ প্রয়োগ করতে সক্ষম হবে।

হয়তো একদিন, প্রকৃতির এই ক্ষুদ্র উপাদানই ক্যানসারের মতো মরণব্যাধির চিকিৎসায় এক বিপ্লব বয়ে আনবে।

সংগৃহীত………