নিজস্ব প্রতিনিধি:
ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দুটি দুর্গাপূজার মণ্ডপ এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কারণ, এই মণ্ডপগুলোতে অসুর বা রাক্ষসের প্রতিমূর্তিতে দেখানো হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের। রোববার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের অসুর হিসেবে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছে। কমিটির মুখপাত্র জানান, ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্যনীতি এবং ভিসা নীতির কারণে তারা এই প্রতীকী বার্তা দিয়েছে। তার ভাষায়, “আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু মনে করতেন, কিন্তু ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তাকে অসুর হিসেবে দেখানো হয়েছে।”
অন্যদিকে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুর রূপে দেখানো হয়েছে নোবেল বিজয়ী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে। তার পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিচ্ছিন্ন মাথাও রাখা হয়েছে। এই মণ্ডপের প্রতিপাদ্য ‘ধ্বংস’, যা দিয়ে সমাজের হুমকি দূর করার প্রতীক তুলে ধরা হয়েছে।
এই প্রতিমাগুলোকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটিকে সাহসী রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনাকে অযৌক্তিক বলে সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল বিতর্ক। এক দর্শনার্থীর মন্তব্য, “এটা ঠিক নয়। পূজা কোনো তামাশা নয়।”
বিতর্ক সত্ত্বেও মণ্ডপ দুটিতে দর্শনার্থীদের ভিড় কমেনি। ঘটনাটি ভারত ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য সম্পর্ক নিয়েও নতুন আলোচনা শুরু করেছে।
