নিজস্ব প্রতিনিধি:
আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। টিজার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে নানা প্রশ্ন উঠছিল। তবে সম্প্রতি ট্রেলার মুক্তির পর নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিতর্ক ছড়িয়েছে। ট্রেলারে স্পষ্টভাবে এই দুটি বিষয় ফুটে উঠেছে, যা দর্শকদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রেলারের শুরুতেই দেখা যায় আবির ও মিমি প্রাণপণ চেষ্টা করছে মুনিরকে ধরার। তবে সন্ত্রাস কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, তা পেরিয়ে পৌঁছে গেছে বাংলাদেশেও। সন্ত্রাস কোনো দেশের নয়—এই বার্তাই দিতে এবার ভারত-বাংলাদেশকে একসঙ্গে লড়াই করতে দেখা যাবে।সিনেমাটিতে প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনার আদলে তৈরি সুলতানা রহমান চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস।
এই দুই দেশের রাষ্ট্রনায়কদের বিরুদ্ধেই লড়াই শুরু করে অঙ্কুশের চরিত্র। কেন একজন বিদেশফেরা ডাক্তার হঠাৎ সন্ত্রাসে জড়িয়ে গেল, নাকি সন্ত্রাস দমনেই বিদেশে গিয়েছিল—এই প্রশ্ন রেখে দিয়েছে সিনেমাটি।বিশেষ নজর কেড়েছেন সীমা বিশ্বাস। টিজার প্রকাশের পর থেকেই অনেকের ধারণা ছিল তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন। এবার ট্রেলারে তা পরিষ্কার হয়েছে। তার পোশাকও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মতো করে সাজানো হয়েছে।
তবে তার বাচনভঙ্গি নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে।এছাড়াও সিনেমাটিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার ও নুসরত জাহান, যারা নিজ নিজ চরিত্রে সাবলীল অভিনয় করেছেন।উল্লেখ্য, ‘রক্তবীজ’-এর প্রথম পর্বে দেখানো হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এবার দ্বিতীয় পর্বে দেখা যাবে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। ফুটে উঠবে নড়াইলের ভদ্রবিলা চাঁচড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ঘোষ বাড়ির রাধাগোবিন্দ মন্দির, বড় দালান ও ঘাট বাঁধানো পুকুরের দৃশ্য।
