হাতিয়ারের বাজারে নতুন খেলোয়াড়ের আবির্ভাব। যুক্তরাষ্ট্র, রাশিয়া বা ফ্রান্সের পাশাপাশি সেখানে এ বার পা জমাতে শুরু করেছে ড্রাগন। আমেরিকার শক্তিজোট নেটোর নাকের ডগায় অস্ত্র সরবরাহ করছে লালফৌজ। শুধু তাই নয়, তাঁদের দেওয়া হাতিয়ারের ভূয়সী প্রশংসা করেছে সেখানকার সরকার। ফলে অস্বস্তি বেড়েছে ওয়াশিংটন-সহ পশ্চিমি বিশ্বের।দক্ষিণ ইউরোপের বলকান রাষ্ট্র সার্বিয়া। প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় যার নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। ২১ শতকে সেখানেই মোতায়েন হয়েছে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম)। পোশাকি নাম ‘এফকে-৩’। এই হাতিয়ারটিকে নিয়েই বড় ঘোষণা করেছে বেলগ্রেড। বলা বাহুল্য এর পরই আমেরিকা-সহ পশ্চিমি বিশ্বের রক্তচাপ বাড়তে শুরু করেছে।
বিদায়ী বছরের ৩০ ডিসেম্বর সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনের তৈরি ‘এফকে-৩’ এয়ার ডিফেন্স দেশের আকাশকে ভাল ভাবেই সুরক্ষা প্রদান করছে। এর সাহায্যে বিমান বাহিনীকে আরও শক্তিশালী এবং উন্নত করা গিয়েছে।
উল্লেখ্য, বেজিংয়ের ‘পিপলস্ লিবারেশন আর্মি’র (পিএলএ) হাতে রয়েছে ‘এইচকিউ-২২’ ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ‘এফকে-৩’ এর রফতানিযোগ্য সংস্করণ বলে জানা গিয়েছে।
