গুজরাটে এক হাজারের বেশি ‘সন্দেহভাজন’ বাংলাদেশি আটক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে



নিজস্ব প্রতিনিধি:

ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং জাল কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে গুজরাট পুলিশ এক হাজারের বেশি ‘সন্দেহভাজন’ বাংলাদেশিকে আটক করেছে।
রাজ্য পুলিশের তত্ত্বাবধানে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, এবং অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাতভর অভিযানে সুরাট থেকে প্রায় ১৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম বার্তা সংস্থা এএনআইকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাট থেকে এদের আটক করা হয়েছে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে জাল কাগজপত্র নিয়ে এখানে বসবাস করছিলেন। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

আহমেদাবাদেও অভিযান চালানো হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) শরদ সিঙ্ঘল বলেন, তাদের কাছে খবর ছিল যে চান্দোলা এলাকায় বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে ভোরে তল্লাশি চালিয়ে এ পর্যন্ত ৮৯০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজির নির্দেশে এই অভিযান চালানো হয়েছে।

এর আগে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত দুটি ভিন্ন এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে ১২৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং ৭৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
অন্যদিকে, ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তান-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। এরপর যাতে কোনো পাকিস্তানি নাগরিক থেকে না যান, তা নিশ্চিত করতে প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকার দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।