নিজস্ব প্রতিনিধি:
কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধীন সকল কমিটি স্থগিত করা হয়েছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন কোনো অপকর্ম না করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার (২৭ জুলাই) এক ঘোষণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ তথ্য জানান।তিনি বলেন, “গতকালের (গুলশানে চাঁদাবাজির) ঘটনাসহ আগেও সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম সংঘটিত হয়েছে। সংগঠন গঠনের দিন থেকেই আমরা এ বিষয়ে সবাইকে সতর্ক করেছিলাম।”রিফাত রশিদ আরও বলেন, “কিছু ব্যক্তি শুরুতে সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও পরে ভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে গেছেন বা নতুন দল গঠন করেছেন।
কেউ কেউ আবার জুলাই আন্দোলনে অংশ নিয়ে বিপথে গেছেন। ফলে এসব অপকর্ম এখন নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এজন্যই কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”তিনি জানান, সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হবে, তা শিগগিরই কেন্দ্রীয় নেতারা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে জানাবেন।
