ড. ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে আগ্রহী নন: প্রেস উইং।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রীয় সংস্কারে অবদানের কারণে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট গতকাল সোমবার একটি রুল জারি করেছে। এর প্রেক্ষিতে সরকার জানিয়েছে, ড. ইউনূস এ ধরনের কোনো উপাধি গ্রহণে আগ্রহী নন।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, অধ্যাপক ইউনূস নিজেই এ ধরনের ঘোষণা পেতে ইচ্ছুক নন। সরকারও তাকে ‘জাতীয় সংস্কারক’ উপাধি দেওয়ার কোনো পরিকল্পনা করছে না। বিবৃতিতে আরও বলা হয়, হাইকোর্ট থেকে জারি করা রুলটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর যথাসময়ে সরকার রুলের জবাব দেবে।

সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, অধ্যাপক ইউনূস নিজে এমন ঘোষণার পক্ষপাতী নন এবং সরকারও তেমন কিছু বিবেচনায় নিচ্ছে না। প্রেস উইংয়ের মতে, আবেদনকারী নিজ উদ্যোগেই রিটটি দায়ের করেছেন। তবে কী ভিত্তিতে এমন নির্দেশনার আবেদন করা হয়েছে, তা পরিষ্কার নয়। বিবৃতিতে আরও জানানো হয়, অ্যাটর্নি জেনারেলের দপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।