বাংলাদেশের ভেন্যু বদলাতে ইতিবাচক আইসিসি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

স্পোর্টস ডেস্ক:

মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে ছিটকে যাওয়ার ঘটনায় জল গড়িয়েছে বহু দূর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি বৈঠক শেষে পুরো দলের নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে অন্য কোথাও স্থানান্তরের চাওয়া বিসিবির। এমনটাই তারা জানিয়েছে আইসিসিকে দেওয়া মেইলে।আইসিসিও পরিস্থিতি আমলে নিয়ে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু বদলাতে পারে। এমনটাই জানাচ্ছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ।

সে ক্ষেত্রে বিকল্প ভেন্যু হতে পারে শ্রীলঙ্কা। যারা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকও। ক্রিকবাজের প্রতিবেদন বলছে আজ (৪ জানুয়ারি) রবিবার ছুটির দিন বলে আইসিসি নিজেদের মধ্যে বৈঠক করতে পারেনি। আগামী দুই-একদিনের মধ্যে এই ইস্যুতে আনুষ্ঠানিক তথ্য আসতে পারে।উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটি কলকাতা ও একটি মুম্বাইতে অনুষ্ঠিত হওয়ার কথা।