Shakib al Hasan. photo icc
স্পোর্টস ডেস্ক:
সাকিব-ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। কাটতে শুরু করেছে যাবতীয় অনিশ্চয়তার ঘন মেঘ। আবারও লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাবেন এই বাঁহাতি অলরাউন্ডার। সব ঠিক থাকলে মার্চেই ফিরছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই শুরু হতে যাচ্ছে সাকিবের নতুন অধ্যায়।শুধু ফেরা নয়, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা পাচ্ছেন তিনি।
গত শনিবার মিরপুরে বিসিবির বোর্ড সভায় সাকিবকে নিয়ে এই ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।এছাড়াও সাকিব ইস্যুতে এক সাক্ষাৎকারে বোর্ড পরিচালক আসিফ ইকবাল বলেন, ‘‘আমাদের বোর্ড সভাপতি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চে ঘরের মাঠে পাকিস্তান সিরিজেই সাকিব জাতীয় দলে ফিরছেন।’’তিনি আরও যোগ করেন, ‘‘সাকিবের ফেরা নিশ্চিত করাটাই এখন বিসিবির প্রধান লক্ষ্য। এরপর তিনি কতদিন খেলা চালিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত একান্তই সাকিবের।
’’দীর্ঘদিন ধরেই সাকিবের ফেরা নিয়ে জলঘোলা হচ্ছিল। তবে মাসখানেক আগে সাকিব নিজেই বিসিবির কাছে ফেরার ইচ্ছা পোষণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক জানান, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বিসিবিও মনে করে, ক্রিকেটে সাকিবের যা অবদান, তাতে মাঠ থেকেই তার বিদায় নেওয়া উচিত।বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, এখন থেকে হোম ও অ্যাওয়ে সব সিরিজের জন্যই সাকিবকে বিবেচনা করা হবে। তবে শর্ত একটাই—পুরোপুরি ফিট থাকতে হবে তাকে।২০২৪ এ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে ফেরার কথা থাকলেও নিরাপত্তার অভাবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফেরেন সাকিব। একই বছরের সেপ্টেম্বরে কানপুর টেস্টের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই অলরাউন্ডারকে।
