বিপিএলে দল পেতে আবেদন করছেন যারা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তার আগে আজ (মঙ্গলবার) শেষ হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাওয়ার জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা। এর আগে পর্যন্ত মাত্র দুই দল আবেদন করেছে—ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স।অন্যদিকে, পে-অর্ডার না থাকায় রাজশাহীর আবেদন গ্রহণ করা হয়নি। তবে নতুন মালিকানায় রাজশাহী শেষ মুহূর্তে সব প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় আবেদন করতে পারে। এছাড়া আজকের (মঙ্গলবার) সময় শেষ হওয়ার আগে আবেদন জমা দেবে সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম। পুরনো মালিকানায় ফিরছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।

গত আসরের আলোচিত দল চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীও শেষ দিনে দল পেতে আবেদন করবেন বলে জানা গেছে। পাশাপাশি চট্টগ্রাম থেকে আরেকটি বড় গ্রুপও ফ্র্যাঞ্চাইজি মালিকানার জন্য আবেদন করতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে বরিশাল থেকে এখন পর্যন্ত কোনো আগ্রহী পক্ষের নাম শোনা যায়নি। আজই প্রকাশ করা হবে আবেদনকারীদের তালিকা।এদিন সন্ধ্যায় বসবে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। বৈঠকের পরই জানা যাবে এবারের আসরে কোন কোন প্রতিষ্ঠান দল পাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে ছয় দল নিয়ে আয়োজিত হবে বিপিএলের দ্বাদশ আসর। প্রাথমিকভাবে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট।ড্রাফটের পর ডিসেম্বরের মাঝামাঝি মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয় এই টুর্নামেন্ট। অন্যদিকে, দল চূড়ান্ত হওয়ার পর থেকেই বিপিএল আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিদেশি প্রতিষ্ঠান আইএমজি আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে। তাদের সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।