প্রথমবার আইপিএলে ডাক পেলেন ব্লেসিং মুজারাবানি”

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

প্রথমবারের মতো আইপিএলের জন্য ডাক পেলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। মূলত দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদির পরিবর্তে এই জিম্বাবুয়ানকে অস্থায়ীভাবে দলে নিয়েছে বিরাট কোহলির দল।এনগিদি দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি নিতে গ্রুপ পর্বের খেলা শেষ করেই ভারত ত্যাগ করবেন। যে কারণে মুজারাবানির সঙ্গে ব্যাঙ্গালোরের চুক্তি কার্যকর হবে ২৬ মে থেকে। ওই দিন নিজেদের শেষ লিগ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের (এলএসজি) মুখোমুখি হবে ব্যাঙ্গালোর।

আইপিএলের এক বিবৃতিতে জানানো হয়েছে, মুজারাবানি ব্যাঙ্গালোরে যোগ দেবেন ৭৫ লাখ রুপিতে।কোহলিদের সঙ্গে যোগ দেওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ২২ থেকে ২৫ মে পর্যন্ত চার দিনের টেস্ট খেলবেন মুজারাবানি। দক্ষিণ আফ্রিকার আট ক্রিকেটার – কাগিসো রাবাদা (গুজরাট টাইটান্স), এইডেন মার্করাম (লখনৌ সুপার জায়ান্টস), মার্কো জানসেন (পাঞ্জাব কিংস), ত্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), উইয়ান মুলডার (সানরাইজার্স হায়দরাবাদ), রায়ান রিকেলটন ও করবিন বোশ (মুম্বাই ইন্ডিয়ান্স) এবং এনগিদি ৩০ মে যুক্তরাজ্যে রওনা দেবেন।পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার জেরে আইপিএল পিছিয়ে যাওয়ায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আগেই জানিয়ে রেখেছে, এই ৮ ক্রিকেটার আইপিএল শেষ করে যেতে পারবেন না। ব্যাঙ্গালোর বর্তমানে তাদের সেরা উইকেট শিকারি জশ হ্যাজেলউডকে ছাড়াই খেলছে। কাঁধের চোটের কারণে মাঠের বাইরে অস্ট্রেলিয়ান পেসার। তবে দলটির বাকি বিদেশি খেলোয়াড়রা বিরতির পর ফিরে এসেছেন। তবে জ্যাকব বেথেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ায় ব্যাঙ্গালোর দ্বিতীয় শেষ লিগ ম্যাচের আগেই ভারত ছাড়বেন।

মুজারাবানি আগে কখনো আইপিএল খেলেননি। তবে লখনৌর নেট বোলার হিসেবে ছিলেন। ওই সময় ব্যাঙ্গালোরের বর্তমান প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার লখনৌ সাপোর্ট স্টাফে ছিলেন। দুজন একসঙ্গে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানস এবং আইএলটি২০-তে গালফ জায়ান্টসের হয়েও কাজ করেছেন।সাম্প্রতিক টেস্ট ক্রিকেটে মুজারাবানি জিম্বাবুয়ের সেরা পারফর্মারদের একজন। গত চার টেস্টে ২৬ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে সিলেটে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেট শিকার করে জিম্বাবুয়ের জয়ে মূল অবদান রাখেন তিনি। গতকাল রোববার গুজরাট টাইটান্স ১০ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। শুভমান গিলের দলের জয়ে প্লে-অফ নিশ্চিত হয়েছে ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংসেরও।