নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। আগামীকাল (মঙ্গলবার) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় খেলা শুরু হবে।ঐতিহাসিকভাবেই গলের পিচ স্পিনারদের জন্য সহায়ক। তাই ধারণা করা হচ্ছে, টাইগার একাদশে তিনজন স্পিনার দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ তাদের পুরোনো ফর্মুলায় ফিরে যেতে পারে – তিনজন স্পিনার এবং মাত্র একজন পেসার। যদিও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের হালকা জ্বর কিছুটা চিন্তার কারণ, তবে তিনি ফিট থাকলে নাঈম হাসান ও তাইজুল ইসলামের সাথে স্পিন ত্রয়ীতে তিনিই থাকবেন। চতুর্থ স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন উদীয়মান হাসান মুরাদ।অন্যদিকে, ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা শ্রীলঙ্কা দল চারটি পরিবর্তন এনেছে। দিমুথ করুণারত্নে অবসর নিয়েছেন, লাহিরু কুমারা ইনজুরির কারণে বাদ পড়েছেন এবং রমেশ মেন্ডিস ও নিশান পীরিসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। লাহিরু উদারা অভিষেক করতে পারেন, আর স্পিন ও পেসের ভারসাম্য বজায় রাখতে মিলান রত্নায়েকা ও আকিলা ধনঞ্জয়াকে দেখা যেতে পারে। যদিও গলের উইকেটে স্পিনাররা রাজত্ব করেন, তবে সময়ে সময়ে ব্যাটাররাও আধিপত্য বিস্তার করেছেন। চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টে ৬০০+ রানের ইনিংস দেখা গেছে।পাঁচ দিনের এই টেস্টে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতে এক পেসার নিয়ে মাঠে নামলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। তাই টিম ম্যানেজমেন্টকে একাদশ সাজানোর ক্ষেত্রে বেশ সতর্ক থাকতে হবে।
