ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু ওই মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের জীবন সরকারকে ফিরিয়ে দিতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমার ভাইয়ের হাতটি চলে গিয়েছিল। যদি সংস্কার কাজ শেষ না করেই নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাত ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, সেই মায়ের সন্তান ফিরিয়ে দিতে হবে।”

নাসীরুদ্দীন আরও বলেন, “একই সংস্কৃতির আড়ালে, একই ফ্যাসিবাদী সংবিধান আর একই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আবার নির্বাচনে যাচ্ছি। তাহলে এত মানুষ শহীদ হল কেন? এত মানুষ আহত হল কেন?”

গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, “আগে গণমাধ্যম ছিল ‘হাসিনামাধ্যম’। এখন কি মাধ্যম হয়েছে, সেটা বললে চাকরি থাকবে না। গণ-অভ্যুত্থানের পর সব মিডিয়ার সম্পাদকদের সঙ্গে আমি বসেছিলাম। তখন বলেছিলাম—যা করেছেন, ঘরের ভেতরে বসে থাকুন। যদি লজ্জা থাকে, বাইরে বের হবেন না। কিন্তু তাদের লজ্জা নেই, তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে।”

একটি গোয়েন্দা সংস্থার সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশে ডিজিএফআই নামের একটি গোয়েন্দা সংস্থা আছে, যারা আমাদের টাকায় চলে। তারা কত টাকা খরচ করে, দেশের মানুষ তা জানে না। তাদের কোনো দায়িত্ববোধ নেই, নেই জবাবদিহিতা বা স্বচ্ছতা।”

তিনি আরও বলেন, “তাদের একটাই কাজ—মানুষকে ভয় দেখানো, আর কিছু হলেই আয়নাঘরে তুলে নেওয়া। আমরা সেই আয়নাঘর ভেঙে দিয়েছি। যদি সামনে একই চেষ্টা হয়, আমরা শুধু আয়নাঘর নয়, ডিজিএফআইয়ের সদর দপ্তরও ভেঙে দেব। যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, তবে অবশ্যই এর সংস্কার করতে হবে।”

এ যুব সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য রাখেন। এছাড়া এনসিপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।