আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে দুর্নীতিবাজদের অনুপস্থিতির কারণে এবারের কোরবানির গরুর দাম কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই এবং দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো পর্যাপ্ত অর্থ নেই। এর পাশাপাশি, গরুর সরবরাহ বেড়ে যাওয়ায় কোরবানির পশুর হাটে দাম কিছুটা কমেছে।বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে উপদেষ্টা হাটের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি হাটে আসা ক্রেতা, বিক্রেতা এবং সেবা প্রদানকারী কর্মীদের সঙ্গে কথা বলেন।উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে সবার সহযোগিতায় ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে। ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে টিকিটের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা জানান, এখন পর্যন্ত কেউ এ বিষয়ে তার কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
