নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে ৭টা ৪৩ মিনিটে জামাত শেষ হয়।
এবারের ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এই ঈদ জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মুসল্লি।
নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খুতবা পাঠ করেন এবং দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করেন। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা জাতীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন এবং জামাতের সময় যত ঘনিয়ে আসে, ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এই প্রধান ঈদ জামাতের আয়োজন করে। সংস্থাটির জনসংযোগ বিভাগ জানিয়েছে যে, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। নারীদের জন্য ছিল আলাদা নামাজের সুব্যবস্থা। বাবা-মায়ের হাত ধরে অনেক ছোট শিশুও নামাজে অংশ নেয়। মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।
