পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে মাঠে উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

ডেস্ক রিপোর্টঃ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বরিশাল জেলার হিজলা ও মুলাদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্ব পালন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার। গত ১৭ অক্টোবর সন্ধ্যার পর তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। পরিদর্শনকালে উপমহাপরিচালক পূজামণ্ডপে দায়িত্ব পালনরত আনসার-ভিডিপির সদস্য-সদস্যাদের খোঁজখবর নেন এবং তাঁদের দায়িত্ব পালনের মান, সতর্কতা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারত্ব, আন্তরিকতা ও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশনা দেন, যাতে পূজারি ও দর্শনার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারেন।

এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজারি এবং দর্শনার্থীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। মতবিনিময়কালে তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের পাশে রয়েছে। কোনো ধরনের সমস্যা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির উদ্ভব হলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত করার আহ্বান জানান তিনি। উপমহাপরিচালকের এ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখেছেন সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ, দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের খোঁজখবর নেওয়া এবং পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় তাঁরা পরিদর্শনের জন্য উপমহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যারা দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ে দায়িত্ব তদারকি, সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাহিনী কাজ করছে।