নিজস্ব প্রতিনিধি:
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর রয়টার্স।মুগলার গভর্নর অফিস জানায়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে দুর্ঘটনার খবর দেন। তিনি জানান, নৌকাটিতে মোট ১৮ জন ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই নৌকায় পানি ঢুকে সেটি ডুবে যায়।পরে উদ্ধারকর্মীরা আরও এক জীবিত ব্যক্তিকে খুঁজে পান, যিনি সাঁতরে বোডরুম উপকূলের কাছের সেলেবি দ্বীপে পৌঁছাতে সক্ষম হন।
সমুদ্র থেকে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চারটি কোস্টগার্ড নৌযান, একটি ডাইভিং টিম ও একটি হেলিকপ্টার অভিযান চালাচ্ছে।এজিয়ান সাগর বহুদিন ধরেই ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান রুট। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে অনেকেই নৌপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। বর্তমানে তুরস্কে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আগত বিপুলসংখ্যক শরণার্থী বসবাস করছেন।তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যানুসারে, ২০১৯ সালে দেশটিতে প্রায় ৪ লাখ ৫৫ হাজার অনিয়মিত অভিবাসী আটক হয়েছিলেন। চলতি বছর ১৬ অক্টোবর পর্যন্ত আটক হয়েছেন এক লাখ ২২ হাজারের বেশি অভিবাসী, যাদের অধিকাংশই আফগান ও সিরীয় নাগরিক।
