ইয়েমেনে ইসরায়েলের হামলায় ৯ জন নিহত হয়েছেন

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনীর একাধিক হামলায় ৯ জন নিহত হয়েছে। রাজধানী সানা এবং একটি বন্দর শহরকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি এই খবর জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের ওপর হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব অভিযান চালানো হয়। হামলাগুলো পশ্চিম উপকূলীয় এলাকা এবং ইয়েমেনের ভেতরে হুথিদের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হুথি বাহিনী এই স্থাপনাগুলো তাদের সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছিল। আল-মাসিরাহ টিভি জানিয়েছে, আস-সালিফ বন্দরে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন এবং আরও দুইজন রাস ইসা তেল স্থাপনায় হামলায় নিহত হয়েছেন। উভয় স্থানই পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর এলাকায় চারটি হামলা চালানো হয়, যার মধ্যে দুটি তেল স্থাপনাকে লক্ষ্য করে। পাশাপাশি রাজধানী সানার দক্ষিণ ও উত্তর অংশে অবস্থিত দুটি বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন যে, সানা এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোতে অভিযান পরিচালিত হয়েছে।

এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে হুথিপন্থী রাজনৈতিক মুখপাত্র হুসেন আল-বুখাইতির বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি জানিয়েছেন, ইসরায়েল বৃহস্পতিবার ইয়েমেনে প্রায় ১৩টি হামলা চালিয়েছে। তার ভাষ্যমতে, এই হামলাগুলো হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক আক্রমণের জবাব হিসেবে চালানো হয়েছে। বিদ্রোহীরা ইসরায়েলে এবং লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর পর এ প্রতিক্রিয়া দেখায় ইসরায়েল।